রাজধানীর মিরপুরে বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুঁড়িয়ে দেয়া ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি (MCH-FP) সেন্টারের ভবন পুনঃনির্মাণ ও চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে এই আর্থিক সহায়তার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রায় অর্ধশতাব্দী ধরে স্থানীয় সাধারণ মানুষ, মা ও শিশুদের নিঃস্বার্থভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে আসা এ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিরোধীদলীয় নেতা স্পষ্ট জানিয়ে দেন, এটি কেবল প্রাথমিক সহায়তা; স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনে জামায়াতের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতা সম্প্রসারিত করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটিতে তাণ্ডব চালানো দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

