আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়াকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন অরুণ ধুমাল
আইপিএলের ১৯তম আসর থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে প্রথমবার মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনার বিচার করেন ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে।
ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)কে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ পাওয়ায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপের দল পাঠানো থেকে বিরত থাকে। পাকিস্তানও এ ঘটনায় জড়িত হওয়ায় বিশ্বকাপে অচলাবস্থা তৈরি হয়।
মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরেও এই বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রসঙ্গে ধুমাল বলেন, “মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। আমার মনে হয় না যে দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা রয়েছে। সরকার বড় পরিসরে ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকাই পালন করে।”
তিনি আরও বলেন, “তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।”
ধুমাল মোস্তাফিজের ঘটনায় বিসিসিআই সরাসরি নির্দেশনা দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, “আমি শুধু বলব এটা দুর্ভাগ্যজনক ছিল। এর বাইরে এ বিষয়ে আমি জানি না।”
মোস্তাফিজ বর্তমানে পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। কেকেআরের সঙ্গে তার নিলাম মূল্যে চুক্তি থাকা সত্ত্বেও আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

