জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে তাঁর বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘জিন্দাবাদ’ বলছেন। তবে শুধু স্লোগান বদলালেও দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গোটা দেশ এখন এভাবেই চলছে। শুধু ‘জয় বাংলা’র জায়গায় ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এসেছে, একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।”
বিএনপি সরকার গঠনের পর দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা নীরব রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সোচ্চার থাকবে বলেও জানান দলটির এই নেতা।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

